বারহাট্টায় মাদকসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার, ছিনিয়ে নেওয়ার চেষ্টায় ভাইও আটক

উপজেলা প্রতিনিধি, বারহাট্টা (নেত্রকোণা)  : নেত্রকোণার বারহাট্টায় ইয়াবা ও হেরোইনসহ হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তারের পর তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে তার ছোট ভাই ও স্বজনদের বিরুদ্ধে। এ ঘটনায় দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার নিচ চিরাম গ্রামের মো. ফজল করিমের ছেলে জোবায়েল হোসেন (২২) ও তার ছোট ভাই তোফায়েল হোসেন (২১)। জোবায়েল একটি হত্যা মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে জোবায়েলের বাড়িতে অভিযান চালিয়ে তার বসতঘরে তল্লাশি করা হয়। এ সময় ৪টি ইয়াবা ট্যাবলেট ও ০.৭০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে জোবায়েলকে গ্রেপ্তার করা হয়।

অভিযোগ রয়েছে, জোবায়েলকে থানায় নিয়ে যাওয়ার সময় তার ছোট ভাই তোফায়েল হোসেনসহ কয়েকজন স্বজন পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে এবং বাঁশ-লাঠি নিয়ে বাধা সৃষ্টি করে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তোফায়েলকেও গ্রেপ্তার করা হয়। তবে অন্যরা পালিয়ে যায়।

এ ঘটনায় সরকারি কাজে বাধা প্রদান এবং আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে তোফায়েলসহ সাতজনের বিরুদ্ধে বারহাট্টা থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) দুপুরে গ্রেপ্তার দুই ভাইকে আদালতে পাঠানো হয়েছে।

ওসি চম্পক দাম বলেন, গ্রেপ্তার দুই ভাইকে আদালতে পাঠানো হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। 

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ফটোকার্ড প্রিভিউ
Rajdhala Photocard Preview
শিরোনাম...