পূর্বধলায় ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়ম, অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ
মাহবুব আলম সাঈদী, পূর্বধলা (নেত্রকোণা) : নেত্রকোনার পূর্বধলায় ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। এ অভিযোগে বঞ্চিত প্রার্থীরা অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।কর্মসূচিতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মাহফুজুল হক মানার, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোলেমান কবির পাপ্পু, ছাত্রনেতা তাজুল ইসলাম ও এসএম আমিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন।
বক্তারা অভিযোগ করেন, ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে বিভিন্ন ইউনিয়নের ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ নিবেদিত নেতাকর্মীদের বঞ্চিত করা হয়েছে। তাদের অভিযোগ, এর পরিবর্তে আওয়ামী লীগ ও জামায়াতের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে।
তারা বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিএনপির নির্বাচনী ইশতেহারের গুরুত্বপূর্ণ কর্মসূচি। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এসব কর্মসূচি সম্পর্কে জনসচেতনতা তৈরিতে ছাত্রদলের অনেক নেতাকর্মী মাঠপর্যায়ে কাজ করলেও ফ্যামিলি কার্ড শুমারির দায়িত্বে তাদের বড় একটি অংশকে নির্বাচিত করা হয়নি।
উপজেলা পর্যায়ে প্রাপ্ত তথ্যমতে, পূর্বধলার ১১টি ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারির জন্য প্রাথমিকভাবে ১১৪ জন তথ্য সংগ্রহকারী নির্বাচিত হয়েছেন। প্রতিটি ইউনিয়নে একজন করে রিজার্ভ রাখা হয়েছে এবং অপেক্ষমাণ তালিকায় রয়েছেন ৬৬ জন। এছাড়া ১১ জন সুপারভাইজার প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। এ পদেও একজন করে রিজার্ভ এবং ছয়জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে।
বিক্ষোভকারীদের দাবি, নির্বাচিতদের মধ্যে আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীরাও রয়েছেন। তারা নিয়োগ প্রক্রিয়া তদন্ত করে অনিয়মের সঙ্গে জড়িতদের বাদ দেওয়ার দাবি জানান। একই সঙ্গে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড নিয়ে জনসচেতনতা তৈরিতে কাজ করা বঞ্চিত ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যুক্ত করার আহ্বান জানান।
বক্তারা বলেন, তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করে দাবি জানিয়েছেন। দাবি মেনে নেওয়া না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

