মোহনগঞ্জে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের নামে ভুয়া ফেসবুক আইডি,থানায় জিডি
নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. হুমায়ুন খালিদের নামে ভুয়া (ফেইক) ফেসবুক আইডি খুলে তাঁর পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি মোহনগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডিতে মো. হুমায়ুন খালিদ উল্লেখ করেন, "Humayun Khalid Kajal" নামের একটি ফেসবুক আইডি থেকে তাঁর নাম ও পরিচয় ব্যবহার করে বিভিন্ন মিথ্যা, বানোয়াট, বিভ্রান্তিকর এবং হয়রানিমূলক তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। এসব পোস্টের মাধ্যমে তাঁকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা, ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করা এবং তাঁর কর্মরত দপ্তরের ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।জিডিতে আরও বলা হয়, অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, গুজব ও মানহানিকর বক্তব্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব তথ্য ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় তাঁর ব্যক্তিগত জীবন, সামাজিক মর্যাদা এবং চাকরিজীবনে নেতিবাচক প্রভাব পড়েছে। এমনকি এ ঘটনার পরিপ্রেক্ষিতে তাঁকে নেত্রকোনা জেলা খাদ্য নিয়ন্ত্রণ দপ্তরে তলব করা হয় এবং এ বিষয়ে ব্যাখ্যা দিতে হয়, যা তাঁকে মানসিকভাবে হয়রানির মুখে ফেলে।
এ অবস্থায় ভুয়া ফেসবুক আইডির প্রকৃত ব্যবহারকারীকে শনাক্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। মোহনগঞ্জ থানায় এ বিষয়ে দায়ের করা সাধারণ ডায়েরির (জিডি) নম্বর-১৪৮।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

