পূর্বধলায় দুস্থদের পাশে এমপি মানসুরা, পরিদর্শন করলেন বিভিন্ন উন্নয়নকাজ
মাহবুব আলম সাঈদী, পূর্বধলা (নেত্রকোণা) : নেত্রকোণার পূর্বধলায় দুস্থ-অসহায় মানুষের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ, তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান এবং একটি গির্জা ও একটি মসজিদের সংস্কারকাজ পরিদর্শন করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মানসুরা আলম। সোমবার (৩ আগস্ট) দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে জাতীয় সমাজকল্যাণ পরিষদের তহবিল থেকে ৩০ জন দুস্থ, অসহায় ও গৃহহীন ব্যক্তির মাঝে জনপ্রতি ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন সাংসদ মানসুরা আলম।,পরে দুপুর ২টায় হোগলা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সংবর্ধনা গ্রহণ করেন তিনি। এরপর পাশের হোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কিছু সময় কাটান এবং তাদের খোঁজখবর নেন।
বিকেল ৩টায় হোগলা বাজারসংলগ্ন গারোপল্লীর প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামোগত সংস্কারকাজ এবং গারো সম্প্রদায়ের উপাসনালয় গির্জার সংস্কারকাজ পরিদর্শন করেন তিনি।
এরপর বিকেল ৪টায় হোগলার মদিনাতুল উলুম মাদ্রাসা ও বায়তুল আমান মসজিদের চলমান সংস্কারকাজ পরিদর্শন করেন সাংসদ মানসুরা আলম।,
এ সময় তিনি বলেন, “আমি আমার সাধ্য অনুযায়ী জনগণের প্রয়োজন পূরণের চেষ্টা করছি এবং এই চেষ্টা অব্যাহত থাকবে। কোনো উন্নয়নকাজে দুর্নীতি কিংবা কোনো সহায়তার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে কেউ অর্থ দাবি করলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন।”
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ বাবুসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।,'


