পূর্বধলায় পৃথক তিন গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পৃথক তিনটি গ্রুপে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে।
বুধবার (২৮ অক্টোবর) উপজেলা বিএনপির দুই নেতার নির্দেশনায় এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মানসুরা আলমের দিকনির্দেশনায় পৃথকভাবে এসব কর্মসূচি পালন করা হয়।উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের তালুকদারের নির্দেশনায় উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্যসচিব নজমুল হুদা পিরোজের নেতৃত্বে একটি গ্রুপ কর্মসূচি পালন করে। উপজেলা বিএনপির সদস্যসচিব এএসএম শহীদুল্লাহ ইমরানের দিকনির্দেশনায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান ডানোর নেতৃত্বে আরেকটি গ্রুপ কর্মসূচি পালন করে।
এ ছাড়া সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মানসুরা আলমের দিকনির্দেশনায় উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক হলুদের নেতৃত্বে তৃতীয় গ্রুপটি পৃথক কর্মসূচি পালন করে।
দিনব্যাপী এসব কর্মসূচিতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নেতাকর্মীরা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ উদযাপন করেন এবং নিজেদের সাংগঠনিক অবস্থান তুলে ধরেন।
