মব সৃষ্টি করে বিজিবির জব্দকৃত পিকআপ ছিনিয়ে নিল চোরাকারবারিরা
রাজধলা ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নয়নপুর বাজারে মব সৃষ্টি করে বিজিবির জব্দকৃত চোরাইপণ্যবোঝাই একটি পিকআপ ভ্যান ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে চোরাকারবারিদের বিরুদ্ধে। বুধবার (৩ জুন) বিকেলে উপজেলার বায়েক ইউনিয়নের নয়নপুর বাজারে এ ঘটনা ঘটে। এ সময় বিজিবি সদস্যদের ওপর হামলার চেষ্টার ঘটনাও ঘটে বলে জানা গেছে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, কসবা সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা বিভিন্ন চোরাইপণ্য নয়নপুর বাজারের একটি গুদামে মজুত করা হতো। পরবর্তীতে সুযোগ বুঝে এসব পণ্য দেশের বিভিন্ন স্থানে পাচার করা হতো। বুধবার দুপুরে কয়েকজন চোরাকারবারি একটি পিকআপ ভ্যানে করে চোরাইপণ্য পাচারের চেষ্টা করলে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে গাড়িটি জব্দ করেন।জব্দের পর চোরাকারবারিরা পণ্যগুলো বৈধ দাবি করে পিকআপটি ছেড়ে দেওয়ার জন্য বিজিবি সদস্যদের ওপর চাপ সৃষ্টি করতে থাকে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে আরও লোকজন জড়ো করে মব সৃষ্টি করা হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। উদ্ভূত পরিস্থিতিতে বিজিবি সদস্যরা নিয়ন্ত্রণ বজায় রাখতে একপর্যায়ে জব্দকৃত পিকআপটি ছেড়ে দিতে বাধ্য হন।
এ বিষয়ে বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. শফিউল ইসলাম বলেন, “চোরাকারবারিরা সংঘবদ্ধ হয়ে মব সৃষ্টি করে জব্দকৃত গাড়ি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সেখানে গুলি চালানোর মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তবে রক্তপাত এড়াতে বাধ্য হয়ে জব্দ করা গাড়িটি ছেড়ে দেওয়া হয়।”
তিনি আরও জানান, এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


