ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান জোরদার, নেত্রকোণায় মাঠে জেলা প্রশাসন

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি : ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে নেত্রকোণায় নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসন। এরই অংশ হিসেবে শনিবার (২৭ জুন) সকালে নেত্রকোণা প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) প্রাঙ্গণে পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের আয়োজনে এবং নেত্রকোণা পৌরসভার সহযোগিতায় প্রতি শনিবার সকাল ১০টায় জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) ও নেত্রকোণা পৌরসভার প্রশাসক মো. আরিফুল ইসলাম সরদার।

এ সময় জেলা প্রশাসক বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রত্যেককে নিজ নিজ বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। একটি পরিচ্ছন্ন পরিবেশই ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে।

পরিদর্শনকালে তিনি পিটিআই-সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে তিনি নৈতিকতা, শৃঙ্খলা ও পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরেন।

জেলা প্রশাসন জানিয়েছে, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে জেলার বিভিন্ন স্থানে এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ফটোকার্ড প্রিভিউ
Rajdhala Photocard Preview
শিরোনাম...