নেত্রকোনায় সম্ভাব্য বন্যা মোকাবিলায় প্রস্তুত স্বাস্থ্য বিভাগ, মজুত ৫৭ হাজার স্যালাইন

নেত্রকোনা প্রতিনিধি: সম্ভাব্য আগাম বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসাসামগ্রী ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নেত্রকোণা জেলা স্বাস্থ্য বিভাগ।

বন্যাকবলিত এলাকায় ডায়রিয়া, চর্মরোগ ও সাপের কামড়ের ঝুঁকি বিবেচনায় রেখে পর্যাপ্ত খাবার স্যালাইন, আইভি ফ্লুইড, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং অ্যান্টি-স্নেক ভেনম মজুত রাখা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় নেত্রকোণা জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে জেলা ইপিআই ভবনে আয়োজিত সম্ভাব্য বন্যা পরিস্থিতি বিষয়ক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান জেলা সিভিল সার্জন ডা. গোলাম মাওলা।
তিনি বলেন, বন্যার সময় সাধারণত ডায়রিয়া ও চর্মরোগের প্রকোপ বেড়ে যায়।

একই সঙ্গে সাপের উপদ্রবও বৃদ্ধি পায়। এসব পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। বিশুদ্ধ পানির সংকট দেখা দিলে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ব্যবহার করে নিরাপদ পানি নিশ্চিত করা যাবে। এ লক্ষ্যে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসামগ্রীর পর্যাপ্ত মজুত রাখা হয়েছে।

সিভিল সার্জন জানান, বর্তমানে জেলার স্বাস্থ্য বিভাগের মজুতে রয়েছে ৫৭ হাজার প্যাকেট খাবার স্যালাইন, ৩০ হাজারের বেশি আইভি ফ্লুইড (কলেরা স্যালাইন), ৪৬ হাজার ৬০০টি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং সাপের কামড়ের চিকিৎসার জন্য ২১৮ ডোজ অ্যান্টি-স্নেক ভেনম। তাঁর ভাষ্য, বর্তমান মজুত প্রাথমিক পর্যায়ের যেকোনো দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় যথেষ্ট।

তিনি আরও বলেন, বন্যার তীব্রতা বৃদ্ধি পেলে যাতে কোনো ধরনের সংকট সৃষ্টি না হয়, সে লক্ষ্যে ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অতিরিক্ত ওষুধ ও চিকিৎসাসামগ্রীর চাহিদাপত্র পাঠানো হয়েছে। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে মজুত আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকরা দুর্যোগকালে স্বাস্থ্যসেবা আরও কার্যকরভাবে নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন পরামর্শ ও মতামত তুলে ধরেন। এ সময় বক্তব্য দেন নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম, এনটিভির জেলা প্রতিনিধি ভজন দাস এবং মাই টিভির জেলা প্রতিনিধি আনিসুর রহমান।

অনুষ্ঠানে জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. দেবাশীষ সাহা, ডেপুটি সিভিল সার্জন আফরোজ সুলতানাসহ জেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য বিভাগ জানায়, সম্ভাব্য বন্যা পরিস্থিতিতে জেলার মানুষের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সার্বিক প্রস্তুতি অব্যাহত রয়েছে। পরিস্থিতির প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
গতকালের সেরা খবর
ফটোকার্ড প্রিভিউ
Rajdhala Photocard Preview
শিরোনাম...