যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা ইরানের, ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি
রাজধলা ডেস্ক: ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের বিমান হামলার তীব্র নিন্দা জানিয়ে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটির খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স। সামরিক বাহিনীর দাবি, এ হামলার জবাব আগের যেকোনো সময়ের তুলনায় আরও কঠোর হবে।
বুধবার (৮ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে ইরানের সামরিক কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের হামলাকে ‘স্পষ্ট আগ্রাসন’ হিসেবে আখ্যায়িত করে। এ তথ্য জানিয়েছে আলজাজিরা।বিবৃতিতে বলা হয়, হামলাটি এমন সময় চালানো হয়েছে, যখন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ ইরাকে শেষ বিদায় সংক্রান্ত আনুষ্ঠানিকতার অপেক্ষায় রয়েছে। ইরানের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপের ‘চূর্ণবিচূর্ণ করে দেওয়া জবাব’ দেওয়ারও ঘোষণা দেয়।
এছাড়া হরমুজ প্রণালির ব্যবস্থাপনায় কোনো বিদেশি হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলেও জানিয়েছে ইরানের সামরিক বাহিনী। তাদের দাবি, হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাংকারের নিরাপদ চলাচলের একমাত্র স্বীকৃত রুট হলো ইরান নির্ধারিত পথ।
অন্যদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগের জবাবে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে সেন্টকম দাবি করে, আন্তর্জাতিক জলসীমায় বেসামরিক নাবিক বহনকারী বাণিজ্যিক জাহাজে হামলার প্রতিক্রিয়ায় এ অভিযান পরিচালিত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভাষ্য অনুযায়ী, ইরানের এ ধরনের হামলা অযৌক্তিক, বিপজ্জনক এবং চলমান যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন।
এদিকে, ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় অন্তত ১৪টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর মধ্যে সিরিক শহরে ১০টি এবং কেশম দ্বীপের মেইসিন গ্রামে আরও চারটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
এই পোস্টটি শেয়ার করুন

