নেত্রকোনায় বজ্রপাতে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
আটপাড়া ( নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়ায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে আল মামুন (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সকাল পৌনে নয়টার দিকে উপজেলার লুনেশ্বর ইউনিয়নের মল্লিকনগর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায় , মল্লিকনগর গ্রামের আল আমিনের ছেলে আল মামুন সদ্য অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।পরীক্ষা শেষে বাড়িতে থাকায় অবসর সময়ে তিনি বাবা-মায়ের গরু দেখাশোনায় সহযোগিতা করতেন। শুক্রবার সকাল থেকেই এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। এর মধ্যেই মামুন বাড়ির সামনে গরুর জন্য ঘাস কাটতে যান। সকাল আনুমানিক পৌনে নয়টার দিকে হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জোবায়দুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান জানান, বজ্রপাতে নিহত শিক্ষার্থীর দাফন-কাফনের জন্য সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে তাঁর পরিবারকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।

