প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ময়মনসিংহের শ্যামগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন তিনি। প্রকাশিত প্রতিবেদনগুলোতে তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোকে তিনি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।

গত ২৫ আগস্ট অনলাইন নিউজ পোর্টাল ‘তথ্যজোড়া’য় শ্যামগঞ্জ হাইওয়ে থানার ওসির বিরুদ্ধে মাসোহারা আদায়ের অভিযোগসংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরে ২৮ আগস্ট দৈনিক মানবজমিনে তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ নিয়ে আরেকটি প্রতিবেদন প্রকাশ করা হয়।

প্রকাশিত প্রতিবেদনগুলোতে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও চালকদের মিথ্যা মামলার ভয় দেখিয়ে অর্থ আদায়, ত্রুটিপূর্ণ ও কাগজপত্রহীন যানবাহন চলাচলের সুযোগ দেওয়ার বিনিময়ে মাসিক ভিত্তিতে টাকা নেওয়া, পণ্যবাহী যান ও সিএনজি অটোরিকশা থেকে মাসোহারা আদায় এবং গাড়ি আটকে ‘রেকার বিল’ দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ করা হয়। একটি প্রতিবেদনে কথিত মাসোহারা আদায়ের একটি তালিকার কথাও উল্লেখ করা হয়েছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ওসি মো. আমিনুল ইসলাম। তাঁর দেওয়া এক প্রতিবাদলিপিতে বলা হয়েছে, প্রকাশিত প্রতিবেদনগুলোর অভিযোগ ও তথ্য তাঁর ভাষ্য অনুযায়ী ‘সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’। এসব অভিযোগের সঙ্গে তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই বলেও দাবি করেন তিনি।

ওসি আমিনুল ইসলাম বলেন, তাঁর বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা যথাযথ তথ্য-প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা যেতে পারে। একই সঙ্গে তথ্য ও নথিপত্র যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি।

বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন জানিয়ে ওসি বলেন, ভবিষ্যতে তাঁর নামে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।,

প্রতিবাদলিপিতে তিনি আরও বলেন, দায়িত্বশীল সাংবাদিকতার প্রতি তাঁর শ্রদ্ধা রয়েছে এবং প্রকৃত তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। তবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর নামে মিথ্যা তথ্য প্রচার করা হলে তা মেনে নেওয়া হবে না।,

ওসি আরও দাবি করেন, ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষা, অবৈধ যানবাহন নিয়ন্ত্রণ, চোরাচালান ও মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ নিয়মিত আইনানুগ কার্যক্রম পরিচালনা করছে।'

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ফটোকার্ড প্রিভিউ
Rajdhala Photocard Preview
শিরোনাম...