পূর্বধলায় পুকুরে ভেসে থাকা ফুটবল আনতে গিয়ে প্রাণ গেল শিশুর

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় পুকুরের পানিতে ভেসে যাওয়া ফুটবল আনতে গিয়ে পানিতে ডুবে সৃজন সূত্রধর (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩১ আগস্ট) বিকেলে উপজেলার খলিশাউড় ইউনিয়নের পূর্ব পাবই গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত সৃজন সূত্রধর ওই গ্রামের সুমন সূত্রধর ও মিতু রানী সূত্রধরের ছোট ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেল ৩টার দিকে সৃজন বাড়ির পাশে ফুটবল নিয়ে খেলছিল। বিকেল ৪টার দিকে পরিবারের লোকজন তাকে সেখানে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে প্রতিবেশী রাধারানী দাস বিকেল সাড়ে ৪টার দিকে বাড়ির কাজ শেষে পাশের পুকুরে গোসল করতে যাওয়ার সময় পানিতে শিশুটিকে ভাসতে দেখেন।

পরে স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে শ্যামগঞ্জ মেডিকন ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের ধারণা, খেলতে গিয়ে সৃজনের ফুটবলটি পুকুরে পড়ে যায়। পরে বলটি আনতে গিয়ে সে পানিতে ডুবে যেতে পারে।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যেহেতু পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে, তাই পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।





এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ফটোকার্ড প্রিভিউ
Rajdhala Photocard Preview
শিরোনাম...