পূর্বধলায় যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, আনন্দ র্যালি, আলোচনা সভা ও দোয়া-মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় উপজেলা সদরের জামতলা বাজারে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।‘তারুণ্য সবার আগে, বাংলাদেশ অধিকার, সমৃদ্ধি—তরুণরাই গড়বে দেশ’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদের পূর্বধলা উপজেলা সভাপতি জাহিদ হাসান কাঞ্চন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আক্কাস বেপারী।,
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণঅধিকার পরিষদের সহপাঠচক্র বিষয়ক কেন্দ্রীয় সম্পাদক ও নেত্রকোনা জেলা যুব অধিকার পরিষদের সভাপতি রাজু রায়হান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল ফকির, জেলা গণঅধিকার পরিষদের সাবেক যুগ্ম সদস্য সচিব আজহারুল ইসলাম, দুর্গাপুর উপজেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুল আলম বাবুল ও অর্থ সম্পাদক জাকির হোসেন।,
এ ছাড়া যুব অধিকার পরিষদের অর্থ সম্পাদক রুম্মান মিয়া, পূর্বধলা উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি বিপ্লব মিয়া, আগিয়া ইউনিয়ন গণঅধিকার পরিষদের সভাপতি আব্দুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান তালুকদার, বিশকাকুনী ইউনিয়ন গণঅধিকার পরিষদের সভাপতি রুকন উদ্দিন, সহসভাপতি দুলাল মিয়াসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা তরুণদের ঐক্যবদ্ধ করে তাদের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।,

