পূর্বধলায় জমি বিরোধে সংঘর্ষ, আহত ৬
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় জমি কেনাবেচা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আগিয়া ইউনিয়নের মধুনাল গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—মধুনাল গ্রামের মৃত হোসেন আলী মুন্সীর ছেলে হায়দার আলী শেখ (৭৫), রিপন মিয়ার স্ত্রী পারুল আক্তার (৪৫), ছেলে হাদিস মিয়া (২২), স্বপন মিয়া (৪০), তাঁর ছেলে রাকিব মিয়া (১৫) এবং স্ত্রী রনি আক্তার (৩০)।স্থানীয় সূত্রে জানা যায়, জমি কেনাবেচাকে কেন্দ্র করে হায়দার আলী শেখের সঙ্গে তাঁর ভাতিজা মোস্তফা শেখের বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে বাড়ির পাশে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় লাঠিসোঁটা নিয়ে হামলার ঘটনায় হায়দার আলী শেখের পক্ষের ছয়জন আহত হন।
আহতদের স্বজনদের অভিযোগ, প্রতিপক্ষের মোস্তফা শেখ, তাঁর ছেলে রাব্বি, ভাতিজা ইয়াসিন, মামাতো ভাই আলামিন, সুলতান ও নাঈম তাঁদের মারধর করেন। এতে কয়েকজন রক্তাক্তসহ গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। আহত হায়দার আলী শেখের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে প্রতিপক্ষের বক্তব্য জানতে মোস্তফা শেখের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। পরে তাঁর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে সরাসরি সাক্ষাতে কথা বলবেন বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, “ঘটনাটি শুনেছি। এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

