আধুনিক প্রযুক্তিনির্ভর পাট চাষে পূর্বধলায় কৃষকদের প্রশিক্ষণ কর্মশালা

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন সম্প্রসারণে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় পাটচাষীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে ‘পাটচাষী প্রশিক্ষণ-২০২৬’ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬০ জন পাটচাষী অংশ নেন।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনীম জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচি সঞ্চালনা করেন পাট উন্নয়ন কর্মকর্তা সুজিত গোস্বামী।

প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন পাট অধিদপ্তরের প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব দীপক কুমার সরকার। এছাড়া বক্তব্য দেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আতাউর রহমান নোমানী।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আমিরুল ইসলাম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদুন নূর এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রাকিবুর রহমান।

প্রশিক্ষণে আধুনিক পাট চাষাবাদ পদ্ধতি, উন্নতমানের পাটবীজের ব্যবহার, উৎপাদন বৃদ্ধি, রোগবালাই দমন এবং পাটের বাজারজাতকরণ বিষয়ে কৃষকদের ব্যবহারিক ও কারিগরি দিকনির্দেশনা দেওয়া হয়।

বক্তারা বলেন, দেশের ঐতিহ্যবাহী পাটখাতকে আরও সমৃদ্ধ ও প্রতিযোগিতামূলক করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষ ও সচেতন পাটচাষী তৈরি হলে উৎপাদন বাড়ার পাশাপাশি পাটশিল্পেও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

প্রশিক্ষণে অংশ নেওয়া কৃষকরা জানান, এ ধরনের কর্মশালার মাধ্যমে তারা নতুন প্রযুক্তি ও কার্যকর চাষাবাদ পদ্ধতি সম্পর্কে জানতে পেরে উপকৃত হয়েছেন।

অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের কৃষক প্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবারের প্রশিক্ষণের প্রতিপাদ্য ছিল— ‘পাটশিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন।’

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
শিরোনাম...