হরমুজ প্রণালিতে আইআরজিসির পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ইরানের

রাজধলা ডেস্ক: কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এখন সম্পূর্ণভাবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) সামরিক নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছে তেহরান। হরমুজ দ্বীপের দক্ষিণাঞ্চলের ‘রেড বিচ’ এলাকা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সেখানে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপকভাবে জোরদার করা হয়েছে।

ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, ভূ-কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই সংকীর্ণ সমুদ্রপথ দিয়ে যেকোনো ধরনের যাতায়াতের ক্ষেত্রে ইরানি কর্তৃপক্ষ, দেশটির সামরিক বাহিনী এবং আইআরজিসির সঙ্গে সমন্বয় করতে হবে।

সম্প্রতি আইআরজিসির নৌবাহিনী ঘোষণা দিয়েছে, তারা হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব আরও বিস্তৃত করছে।

ইরানি কর্তৃপক্ষের দাবি, হরমুজ প্রণালি এখন আইআরজিসির সামরিক নিয়ন্ত্রণাধীন এবং এই পথ দিয়ে কোনো সামরিক বা যুদ্ধজাহাজ চলাচল করতে দেওয়া হবে না। তবে বন্ধুত্বপূর্ণ দেশগুলোর জাহাজ ও নৌযান চলাচলের অনুমতি দেওয়া হলেও, শত্রুভাবাপন্ন দেশগুলোর কোনো জাহাজকে এই প্রণালি অতিক্রম করতে দেওয়া হবে না বলে জানিয়েছে তারা।

গত দুই থেকে তিন দিনে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের সংখ্যা কিছুটা বেড়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৩০ থেকে ৪০টি জাহাজ এই প্রণালি অতিক্রম করেছে, যার বেশির ভাগই ছিল চীনা কোম্পানির মালিকানাধীন।

তবে গত ২৪ ঘণ্টায় এই সমুদ্রপথ দিয়ে নতুন কোনো জাহাজ বা নৌযান চলাচলের তথ্য পাওয়া যায়নি।

সূত্র: Al Jazeera

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
শিরোনাম...