কলমাকান্দায় অটোরিকশায় চার্জ দিতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে বাচ্চু খান (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল রোববার (২১ জুন) রাত ৮টার দিকে উপজেলার পোগলা ইউনিয়নের বাহাত্তরকাহন গ্রামে এ ঘটনা ঘটে।
আজ সোমবার সকালে কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) সজল সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।নিহত বাচ্চু খান উপজেলার পোগলা ইউনিয়নের বাহাত্তরকাহন গ্রামের বাসিন্দা।
কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) সজল সরকার জানান, রাতে অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিচ্ছিলেন বাচ্চু খান। এসময় অসাবধানতাবশত বিদ্যুতের স্পর্শে তিনি গুরুতর আহত হন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা শৌভিক শ্রাবণ দত্ত বলেন, হাসপাতালে আনার আগেই বাচ্চু খান মারা গেছেন।
এই পোস্টটি শেয়ার করুন

