পূর্বধলায় ২৫০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় ২৫০ পিস ইয়াবাসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বুধবার (১০ জুন) সন্ধ্যায় নেত্রকোনা জেলা পুলিশ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম পূর্বধলা উপজেলার হিরণপুর ইউনিয়নের ইয়ারন এলাকায় নুরুল আমিনের পরিত্যক্ত টিনশেড ঘরের সামনে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় চারজনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে মোট ২৫০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকার মো. আঞ্জুল হকের ছেলে জান্নাতুল হক নাঈম (২৩), পূর্বধলা উপজেলার ইয়ারন পশ্চিমপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে জামাল মিয়া (৩৩), নারান্দিয়া পূর্বপাড়া এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে মো. এমদাদ বেপারী (৪০) এবং নেত্রকোনা সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকার মৃত এমদাদুল হকের ছেলে মো. রাকিবুল হাসান মিলন (২২)।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পূর্বধলা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

