পূর্বধলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচি-২০২৬-এর অংশ হিসেবে নেত্রকোনার পূর্বধলায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় পর্যায়ে তিন মাসব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় দেশের ৬৪ জেলা ও উপজেলা প্রশাসনের প্রতিনিধিরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন।
এর অংশ হিসেবে পূর্বধলা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী এবং সাংবাদিকরা অংশ নেন।
অভিযানে উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।
ইউএনও শফিকুল ইসলাম বলেন, আগামী তিন মাস প্রতি শনিবার ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনা করা হবে। পাশাপাশি এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস এবং মানুষকে পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করার ওপর গুরুত্ব দেওয়া হবে।
সরকারি পরিকল্পনা অনুযায়ী, ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত তিন মাস এ কর্মসূচি চলবে।
উপজেলা পর্যায়ে ইউএনওদের সমন্বয়ে স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষার্থীদের অংশগ্রহণে নিয়মিত পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
এই পোস্টটি শেয়ার করুন

