মোহনগঞ্জে রাষ্ট্রীয় শোক দিবসে সরকারি নির্দেশনা অমান্য করে পূর্ণদণ্ডে জাতীয় পতাকা উত্তোলন

নেত্রকোণা প্রতিনিধি:  কাতারের সাবেক আমির ও আধুনিক কাতারের স্থপতি শেখ হামাদ বিন খলিফা আল-থানির মৃত্যুতে ঘোষিত রাষ্ট্রীয় শোক দিবসে সরকারি নির্দেশনা অনুযায়ী জাতীয় পতাকা অর্ধনমিত না রাখার অভিযোগ উঠেছে নেত্রকোনার মোহনগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

বুধবার সকালে বিদ্যালয়ে অন্যান্য দিনের মতোই জাতীয় পতাকা পূর্ণদণ্ডে উত্তোলন করা হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, সকাল থেকে প্রায় দুপুর দেড়টা পর্যন্ত পতাকাটি পূর্ণদণ্ডেই ছিল। পরে বিষয়টি জানাজানি হলে বেলা পৌনে দুইটার দিকে তা অর্ধনমিত করা হয়।

বিদ্যালয়ের একাধিক শিক্ষক জানান, রাষ্ট্রীয় শোক দিবস উপলক্ষে সরকারি নির্দেশনা অনুযায়ী জাতীয় পতাকা অর্ধনমিত রাখার কথা থাকলেও বিদ্যালয়ে সকাল থেকেই তা পূর্ণদণ্ডে উত্তোলন করা হয়। বিষয়টি নজরে আসার পর পতাকা অর্ধনমিত করা হয়। তারা এ ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেন।

সরকারি প্রজ্ঞাপণ অনুযায়ী, কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল-থানির মৃত্যুতে বুধবার দেশব্যাপী রাষ্ট্রীয় শোক পালন করা হয়। এ উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিদেশে অবস্থিত বাংলাদেশের সব মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে এ বিষয়ে সরকারি নির্দেশনাও পাঠানো হয়। এছাড়া মরহুমের রুহের মাগফিরাত কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়া এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

এ বিষয়ে মোহনগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ বলেন, "রাষ্ট্রীয় শোক দিবস উপলক্ষে বিদ্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। সরকারি নির্দেশনার কোনো ব্যত্যয় ঘটেনি।"
 

তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন বলেন, বিভিন্ন মাধ্যমে বিষয়টি জানতে পেরে তিনি প্রধান শিক্ষককে ফোন করেন। এ সময় প্রধান শিক্ষক অসাবধানতাবশত জাতীয় পতাকা অর্ধনমিত না রাখার বিষয়টি স্বীকার করেন। পরে তাৎক্ষণিকভাবে নির্দেশনা দিলে দুপুরে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়।

উল্লেখ্য, কাতারের সাবেক আমির ও আধুনিক কাতারের স্থপতি শেখ হামাদ বিন খলিফা আল-থানি গত ১২ জুলাই ৭৪ বছর বয়সে ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ সরকার বুধবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করে।

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
গতকালের সেরা খবর
ফটোকার্ড প্রিভিউ
Rajdhala Photocard Preview
শিরোনাম...